করোনাভাইরাস বায়ুবাহিত, ২৩৯ বিজ্ঞানীর দাবি

৬ জুলাই, ২০২০ ১২:৫০  
করোনাভাইরাস বায়ুবাহিত। আর এ কারণেই ঘরোয়া পরিবেশেও এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে সতর্ক করেছেন বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানীর একটি দল। চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) একটি চিঠি পাঠাবেন তারা। রোববার (৫ জুলাই) এই তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের কণাগুলো বাতাসে ঘুরে বেড়াতে পারে এবং কণাগুলো শ্বাসগ্রহণের সময় মানুষকে সংক্রমিত করতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা চাইছেন, ডব্লিউএইচও কীভাবে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে পারে সে সম্পর্কে বিদ্যমান সুপারিশগুলোকে সংশোধন করা হোক। তবে এই গবেষণা তথ্যে আস্থা রাখতে পারছেন না হু এর সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের টেকনিক্যাল হেড ডাঃ. বেনেডেটা অ্যালেগ্রানজি। তিনি বলেছেন, বাতাসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণগুলি যথেষ্ট নয়।